রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › সংসদ সদস্যের প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সংসদ সদস্যের প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদ সদস্যের প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্যের প্রতিনিধিদের আশ্বাসে সাড়ে চার ঘণ্টা পর সড়ক ও রেলপথের অবরোধ প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলা বিভক্তিকরণের উদ্যোগের প্রতিবাদকারীরা। তাঁদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল এবং আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এতে উপকূল, সুবর্ণ, পারাবত, পর্যটক, সোনার বাংলা, মহানগর প্রভাতী ও কালনী এক্সপ্রেসসহ অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।


খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রোমাসহ দলীয় নেতাকর্মীরা।


তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর প্রায় সাড়ে চার ঘণ্টা পর সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।


স্থানীয়দের ভাষ্য, গত মে মাসে বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নটি ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।


সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন ভেঙে এবং আখাউড়ার বরিশল ইউনিয়ন যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ও সম্ভাব্যতা যাচাইয়ের চিঠি আসার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল। বর্তমানে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দাবি পূরণে আন্দোলনকারীরা ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।