মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ফরিদপুরে বাসে আগুন, ধোঁয়ায় প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে আগুন, ধোঁয়ায় প্রাণ গেল চালকের

favicon
ভোরের আলো ডেস্ক:
ফরিদপুরে বাসে আগুন, ধোঁয়ায় প্রাণ গেল চালকের

ফরিদপুর শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কালাচান (৫৫) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল মিনিবাস পার্ক করা ছিল। রাতে বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন চালক কালাচান। এ সময় হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের আঁচ টের পেয়ে দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন তিনি এবং নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কালাচান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে রাতে আগুন লাগে। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের বিষয়টি বুঝতে পেরে তিনি বের হয়ে নিজেও তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


প্রাথমিকভাবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।