শাপলা চত্বরকাণ্ডের মামলায় ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার মোট ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক।
গ্রেপ্তার ১১ আসামি
গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।
মামলার অভিযোগ
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা করা হয়েছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৩০ জনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন।