বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অবস্থান এবং এ বিষয়ে বিশ্বনেতাদের করণীয় তুলে ধরবেন তিনি।


বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন সকালে সম্মেলনস্থলে যোগ দেন তিনি। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা ইতিবাচকভাবে দেখছেন। নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বনেতারা।


এর আগে বুধবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।


এ ছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।