বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সুবিধাবঞ্চিত মানুষের অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করলেন স্পিকার

সুবিধাবঞ্চিত মানুষের অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করলেন স্পিকার

favicon
সাইফুল আলম মিরাজ
সুবিধাবঞ্চিত মানুষের অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করলেন স্পিকার

সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে। কিন্তু রাজনীতিবিদরা কীভাবে নিজেদের সুবিধা নেওয়া যায়, তা নিয়েই বেশি ভাবেন। সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবতে চান না।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্পিকার।


হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষ মাঠে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। সংসদ সদস্যরা আন্তরিক হলে এ পরিবর্তন আনা সম্ভব।


তিনি আরও বলেন, সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তাঁদের অবস্থানের বাইরে দলও যেতে পারবে না। তবে সবকিছু নির্ভর করছে তাঁরা কতটা আন্তরিক, তার ওপর।


অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না উল্লেখ করে স্পিকার বলেন, পরিচ্ছন্ন নির্বাচন হলে দুই-তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করার পাশাপাশি ককাসকে সুষ্ঠু নির্বাচন নিয়েও কাজ করার আহ্বান জানান তিনি।


বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠুভাবে নির্বাচিত সংসদ হিসেবে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এবারের সংসদে সংসদ সদস্যদের মানও বেশ ভালো।


মনোনয়ন ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, নারীরা এখন অনেক ভালো কাজ করছেন এবং শিক্ষিত হয়েছেন। সমাজে যোগ্য নারী নেত্রী রয়েছেন, যাঁরা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।


ককাসের প্রথম কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, প্রথম কমিটি যেন দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেয়।