বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


বৈঠকে তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। এ সংকটের টেকসই সমাধানে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন এ সংকট অব্যাহত থাকলে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি হতে পারে।


বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়।


বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা।