শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ হবে: রিজভী
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার ক্ষেত্রে দেশে প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ হবে। দেশে ফিরলেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির বিধিবিধান অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রত্যাবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। বরং চুক্তি অনুযায়ী তার প্রত্যর্পণ নিশ্চিত করতে হবে।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে দেশের মানুষ যেকোনো অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠার শক্তি পেয়েছে। ওই দিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা রক্ষা পেয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
দেশের ভবিষ্যৎ পরিচালনার বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দেশের জনগণের।