বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।


পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি এ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।


তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


জামায়াত আমির তাঁর পোস্টে লেখেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ বিষয়ে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


উল্লেখ্য, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।