আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সরকারের দুর্বলতার কারণে আবারও সাধারণ মানুষ সহিংসতার শিকার হচ্ছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারের দুর্বলতার সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবারও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। খুনের নেশায় উন্মত্ত এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরপরাধ চালককে হত্যা করা হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিষিদ্ধ গোষ্ঠীর এসব কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও দাবি করেন তিনি।
সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসী ও জুলাই হত্যাকাণ্ডে চিহ্নিত আসামিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণেও সরকার ব্যর্থ হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণহত্যায় অভিযুক্তদের এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। বরং ভারতের মাটি ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।