মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত

favicon
ভোরের আলো ডেস্ক:
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেওয়া হবে না।


মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।


স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পর গভীর রাতে একটি বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করা হয়েছে। দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া জুলাই আন্দোলনের সময়কার একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা এবং সেই ঘটনার ভিডিও প্রকাশের বিষয়টিও তুলে ধরেন তিনি।


এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের পক্ষে অবস্থান নিচ্ছেন, তাদের সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি প্রশ্ন তোলেন, দলটির প্রকৃত রূপ বুঝতে আরও কত প্রাণহানি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটতে হবে?


২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে হাসনাত দাবি করেন, মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এসব হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, এত ঘটনার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই; বরং আবারও সহিংসতার প্রস্তুতি চলছে।


হাসনাত আব্দুল্লাহর ভাষ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া প্রয়োজন ছিল। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ, বিজিবি ও এসআরবির। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবর্তে ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদেরই আবার রাজপথে নামতে হচ্ছে, অভিযুক্তদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে নিরাপত্তা দিতে হচ্ছে।


দেশের তরুণ প্রজন্মকে বারবার আন্দোলন ও সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান—প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়েই তরুণদের রক্ত দিতে হয়েছে। আর কতবার তাদের রাজপথে নেমে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।


স্ট্যাটাসে রাজনৈতিক নেতৃত্ব ও পদ-পদবি বণ্টন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নির্যাতনের শিকার সাধারণ তরুণ-তরুণীদেরই বারবার রাজপথে নামতে হচ্ছে। অথচ ক্ষমতা ও গুরুত্বপূর্ণ পদ-পদবি বণ্টনের ক্ষেত্রে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বড় পদে থাকা ব্যক্তিদের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।


জুলাই-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে হাসনাত লেখেন, একদিকে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্যদিকে সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতি বুঝতে এই দুই বাস্তবতাকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।


সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে হাসনাত বলেন, গত দুই দিনের ঘটনাতেই সরকারের সক্ষমতা ও কার্যকর পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হয়েছে। সরকারের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


স্ট্যাটাসের শেষাংশে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চোর, লুটেরা ও সন্ত্রাসীর হাতে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। এ সময় শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য ‘জান দেব, কিন্তু জুলাই দেব না’ উদ্ধৃত করেন তিনি।


সবশেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাজারো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের মাটিকে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টের আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। স্ট্যাটাসের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।