মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › তারেক রহমান ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত: রিজভী

তারেক রহমান ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমান ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগের কারণে জনগণের কাছে অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এসব কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন তিনি।


মঙ্গলবার (১০ নভেম্বর) কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।


তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, সরকার গঠন করতে পারলে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই তিনি সেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছেন।


রিজভী আরও বলেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে, তা কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্মেলনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কপ-৩১ সম্মেলন এ ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এদিকে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। অথচ যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করে, তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর দুর্ভোগের বিষয়টি যথাযথ গুরুত্ব দিচ্ছে না।


তিনি বলেন, কপ-৩১ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জলবায়ু ন্যায্যতার দাবি তুলে ধরতে চায়। বাংলাদেশ কোনো করুণা বা দয়া প্রত্যাশা করে না; বরং জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিপরীতে ন্যায্য অধিকার ও সহযোগিতা চায়।


নূরুল ইসলাম মনি আরও বলেন, বাংলাদেশ যতটুকু কার্বন নিঃসরণ করে, তার তুলনায় অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্য দেশের অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের এমন প্রত্যাশাই তুলে ধরা হবে।