মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › সারজিসকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের নেতা

সারজিসকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের নেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
সারজিসকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম। দলটির বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছেন তিনি।


সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের একটি ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন ফজলুল করিম।


ভিডিওতে টেবিলে রাখা হাতে লেখা একটি কাগজ এবং নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি বার্তা দেখিয়ে দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে ফজলুল করিম বলেন, কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশাকে কাজে লাগানো হচ্ছে।


তিনি বলেন, নতুন দল ও নতুন রাজনৈতিক ধারার আশ্বাস দিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়েছিল। কিন্তু বাস্তবে পুরোনো রাজনৈতিক সংস্কৃতিই নতুন মোড়কে ফিরেছে। তার ভাষায়, নতুন বোতলে পুরোনো মদ পরিবেশন করা হয়েছে।


ফজলুল করিম জানান, দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। তার বিশ্বাস ছিল, দলটিতে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো জায়গা থাকবে না। কিন্তু দলের বাস্তব কর্মকাণ্ডে সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পাননি। এ কারণে দলটির সঙ্গে আর থাকতে চান না বলে জানান তিনি।


ভিডিও বার্তায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগ করেন ফজলুল করিম।


এ ছাড়া এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন তিনি। ফজলুল করিমের দাবি, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার পরিবর্তে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে।


নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তাও ভিডিওতে দেখান তিনি। এসব বার্তাকে নিজের অভিযোগের সমর্থনে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন ফজলুল করিম।


ভিডিওর শেষ দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’


তবে ফজলুল করিমের উত্থাপিত অভিযোগের বিষয়ে সারজিস আলম, নাহিদ উদ্দিন তারেক কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি।