বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › মীর শাহে আলমের বক্তব্যে ৫ শতাংশ ভুল, খোঁচা দিলেন ইশরাক

মীর শাহে আলমের বক্তব্যে ৫ শতাংশ ভুল, খোঁচা দিলেন ইশরাক

favicon
ভোরের আলো ডেস্ক:
মীর শাহে আলমের বক্তব্যে ৫ শতাংশ ভুল, খোঁচা দিলেন ইশরাক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্য নিয়ে কটাক্ষ করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রতিমন্ত্রীর বক্তব্য ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল করেছেন।


বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইশরাক হোসেন।


পোস্টে তিনি লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুরো বক্তব্য শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক কথা বলেছেন। জনগণের করের টাকায় নির্মিত কাজের গুণগত মান নিয়ে তাঁর বক্তব্য ঠিক ছিল। তবে বাকি ৫ শতাংশ ক্ষেত্রে তিনি ভুল করেছেন।


ইশরাক আরও লেখেন, উপহার কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এমন বক্তব্য সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।


এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঠিকাদার খুশি হয়ে নিজের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।


তাঁর এ বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বুধবার দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন তিনি।