বুধবার , ১১ নভেম্বর ২০২৬
বুধবার , ১১ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী

বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী

বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করলে তা আন্তর্জাতিক পরিসরে সমর্থন পাবে না।


বুধবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অব্যাহত নাশকতার অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, সংবিধান প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। তবে কোনো অপরাধীকে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা সংবিধানে নেই। নাশকতার বিষয়ে বিরোধী দলকেও নিজেদের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দেন তিনি।


একের পর এক নাশকতার ঘটনায় সম্পদহানি ও প্রাণহানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী জনগণ কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।


তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রক্তপাত, হত্যা ও গুমের সংস্কৃতি জড়িত। সেই পথেই দলটি আবার ফিরে আসার চেষ্টা করছে। তবে দেশের শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সেই প্রচেষ্টা সফল হতে দেবে না।


রিজভী আরও বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।


দণ্ডিত শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে ভারতের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি।


তার ভাষ্য, মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন এই রাজনৈতিক নেতাকে অন্য কোনো দেশ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে। তবে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি কিংবা পরোক্ষভাবে হস্তক্ষেপ করা হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। বাংলাদেশের জনগণও এ ধরনের হস্তক্ষেপ প্রতিহত করবে।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে যথাযথ ভূমিকা পালন করবে।


এর আগে সকালে মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সেখানে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।