দলীয় কর্মসূচি সফল করতে ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামুন: শফিকুর রহমান
দলীয় কর্মসূচিগুলো সফল ও প্রাণবন্ত করতে ডিসেম্বর মাসে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ থাকার আহ্বান জানান। তাঁর মতে, নির্বাচনে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় শিক্ষা খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।