হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করলেও কোনো দেশই আশ্রয় দিতে রাজি হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তাঁর দাবি, আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মতি জানায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে নাজমুল হক লিখেছেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতার—কোনো দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। এমনকি আফ্রিকার কোনো দেশও সম্মতি দিচ্ছে না বলে দাবি করেন তিনি।
তিনি আরও লেখেন, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে নাজমুল হক দাবি করেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো। এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই ভারত এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে তিনি উল্লেখ করেন।
নাজমুল হক আরও অভিযোগ করেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা তাঁর নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন। পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে নিজেও দেশ ছেড়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় দেশত্যাগের পর শেখ হাসিনার ছেলের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।
তাঁর মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে অবস্থান করেও একের পর এক কর্মসূচি ঘোষণা করছে। এতে দেশে থাকা দলটির নেতাকর্মীরা আবারও ঝুঁকির মুখে পড়ছেন।
আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করে নাজমুল হক বলেন, যে পরিবার ক্ষমতায় থাকার সময় নেতাকর্মীদের ব্যবহার করেছে এবং বিপদের সময় তাঁদের ফেলে চলে গেছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তাঁদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। তাই দলটির নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করার আহ্বান জানান তিনি।