সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

favicon
ভোরের আলো ডেস্ক:
সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

ব্যবহারকারীদের যথাযথ সম্মতি ছাড়াই ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি। দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশ করে সেগুলো বিশ্লেষণ করত প্রতিষ্ঠানটি। অথচ এ বিষয়ে প্রায় দুই কোটি ব্যবহারকারীকে যথাযথভাবে অবহিত করা হয়নি।


ইতালির ডেটা প্রোটেকশন অথরিটির (ডিপিএ) তথ্য অনুযায়ী, ফেসবুকের ওই ফিচার ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে নতুন পোস্ট তৈরির বিভিন্ন পরামর্শ ও ধারণা দেখাত। তবে ফিচারটি চালু করার সময় ব্যবহারকারীদের কাছ থেকে পুরো অ্যাপের জন্য একবারই অনুমতি নেওয়া হতো। সেই অনুমতির মাধ্যমে ফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি বিশ্লেষণ করে পোস্টের পরামর্শ তৈরি করা হবে—বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়নি।


নিয়ন্ত্রক সংস্থাটির ভাষ্য, ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে মেটা। ফলে ব্যবহারকারীরা তাদের ছবি ও ভিডিও কীভাবে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাননি।


এ ঘটনায় মেটাকে ৬০ দিনের সময়সীমা দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি এটি ব্যবহারের আগে প্রত্যেক ব্যবহারকারীর কাছ থেকে আলাদাভাবে সম্মতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর বিপুল সংখ্যা এবং তদন্তে মেটার অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মতে, যারা এখনো অ্যাপটি হালনাগাদ করেননি কিংবা আগে থেকেই ফিচারটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।


এর আগেও আইনি জটিলতায় পড়েছে মেটা। গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনার বিষয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণকে বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।


ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং যথাযথ সম্মতি ছাড়া তথ্য ব্যবহারের অভিযোগে বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে।