হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, জাহাজ দুটি রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় অনুমোদনহীন পথে চলাচলের একপর্যায়ে জাহাজ দুটি নৌমাইনে আঘাত হানে। এতে উভয় জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
তবে জাহাজ দুটির নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি আইআরজিসি। শুধু উল্লেখ করা হয়েছে, জাহাজ দুটির একটি সুপারট্যাংকার।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তেহরানের দাবি, এই নৌপথ দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজে হামলার ঘটনাও ঘটিয়েছে দেশটি।