বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। বায়ুদূষণের দিক থেকে পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে গেছে শহরটি। শুক্রবার (১৩ নভেম্বর) ঘন ধোঁয়াশায় ঢেকে যায় প্রায় দুই কোটি মানুষের বসবাসের এই নগরী।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৩৪। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার দূষণকে অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, ভারতের সরকারি সংস্থা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) হিসাবে দিল্লির বায়ুমান সূচক ছিল ৪০৩। সংস্থাটি পরিস্থিতিকে গুরুতর হিসেবে চিহ্নিত করেছে।
দুই সংস্থার বায়ুমান সূচকে পার্থক্যের কারণ তাদের পরিমাপ পদ্ধতি ও মূল্যায়নের মানদণ্ডে ভিন্নতা। তবে উভয় সংস্থার তথ্যেই দিল্লির ভয়াবহ বায়ুদূষণের চিত্র উঠে এসেছে।