আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কনটেইনার ট্রাক ও যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও জেলার দিকে যাচ্ছিল। পথে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে রঙ্গাজান এলাকায় একটি কনটেইনার ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।