শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ দিল্লি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সফল হয়নি দিল্লি। ফলে এখন তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টিকেই বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করছে ভারত। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নানা শর্ত ও কূটনৈতিক হিসাব-নিকাশ থাকায় ডিসেম্বরের মধ্যে তার দেশে ফেরা অনিশ্চিত।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানাননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে। দিল্লির সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই তিনি এ ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার ভারতে অবস্থান ক্রমেই দেশটির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে দিল্লি। এ অবস্থায় তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর চেষ্টা করলেও বিভিন্ন কারণে তা সফল হয়নি।
ভারতের নীতিনির্ধারকদের ধারণা, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া এবং সেখানে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুজ্জীবনের ক্ষেত্রেও তার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি।
**প্রত্যর্পণের অনুরোধে নীরব ভারত**
২০২৪ সালের ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ সরকার। পরবর্তী সময়ে একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখন পর্যন্ত দিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে সরাসরি বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না ভারত। কারণ, তিনি দেশটির দীর্ঘদিনের মিত্র ও আস্থাভাজন রাজনৈতিক নেতা। তাকে এভাবে ফেরত পাঠালে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোর ভারতপন্থী রাজনীতিকদের কাছেও নেতিবাচক বার্তা যেতে পারে বলে দিল্লির আশঙ্কা।
এ ছাড়া দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিতে থাকা আইনি সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অনুরোধ ঝুলিয়ে রাখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
**শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত**
বিবিসির প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।
প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই দেশে ফিরিয়ে নিতে হবে। তিনি যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, একইভাবে তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আকাশপথে অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে তাকে গ্রহণ করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী।
দ্বিতীয়ত, দেশে ফেরার পর শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিচারপ্রক্রিয়া নতুন করে পরিচালিত হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে বলে ভারত চাইছে।
ভারতের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার বিচার যেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও গণমাধ্যমের নজরদারিতে হয়, সেটিও দিল্লির বিবেচনায় রয়েছে। তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ উঠতে পারে—এমন পরিস্থিতি এড়াতে ভারত সতর্ক অবস্থান নিতে চায়।
**দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা**
শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যকার যোগাযোগকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দিল্লি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন।
ভারতের সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গত কয়েক বছরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী নিক, সেটিও ভারত চাইছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
**ডিসেম্বরে দেশে ফেরা কতটা সম্ভব?**
শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে দিল্লির পর্যবেক্ষকদের মধ্যে সংশয় রয়েছে। ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে তাকে ফেরত চাইলেও বাস্তবে তার প্রত্যাবর্তন নিয়ে অনাগ্রহী হতে পারে।
তাদের মতে, জ্বালানি সংকট, পোশাকশ্রমিকদের আন্দোলনসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
এ ছাড়া প্রত্যাবর্তনের জন্য ভারতের দেওয়া শর্তগুলো পূরণ করাও সহজ নয়। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব জটিলতা কাটিয়ে তার দেশে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
**শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারতের কূটনৈতিক হিসাব**
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ভারতের জন্য কূটনৈতিকভাবে একটি কৌশলগত অবস্থান তৈরির সুযোগও সৃষ্টি করেছে।
শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে না পারলেও ভারত বলতে পারবে, তিনি নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন; কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ও সরকারের অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
অন্যদিকে, তার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিকভাবে নতুন উদ্দীপনা তৈরি হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে দলটির পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনাকেও ইতিবাচকভাবে দেখছে দিল্লি।
সব মিলিয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান, প্রত্যর্পণ এবং দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের কূটনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন, নাকি ভারতেই অবস্থান করবেন—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।