হাঙ্গেরির জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২ কোটি ডলার উদ্ধার
হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলের দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলারের নগদ অর্থ উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। বনভূমির মাটির নিচে পুঁতে রাখা অর্থের বান্ডিল ছাড়াও খামারবাড়ি, গুদাম ও বিভিন্ন স্থাপনায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান মিলেছে। এ ঘটনায় দেশটির সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এক বিবৃতিতে হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস জানায়, গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশটির আরও তিনটি অঞ্চলে তল্লাশি চালানো হয়। সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তদন্তে নতুন করে গঠিত সংস্থাটির কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।
তল্লাশিতে হাঙ্গেরির মুদ্রা ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। খামারবাড়ি, গুদাম, একটি আবাসিক ভবন এবং নির্জন স্থানে রাখা একটি উচ্চমূল্যের সিন্দুক থেকে এসব অর্থ পাওয়া যায়। এ ছাড়া বনাঞ্চলের মাটির নিচেও বিপুল পরিমাণ নগদ অর্থ পুঁতে রাখা ছিল।
উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। এতে দেখা যায়, রাতের অন্ধকারে কর্মকর্তারা বনভূমির মাটি খুঁড়ে অর্থের বান্ডিল বের করছেন। পরে উদ্ধার করা অর্থ গণনা ও পরীক্ষা করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
দেশটির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, উদ্ধার করা অর্থ গণনা করতে কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।
সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ
এই অর্থ উদ্ধারের ঘটনা সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাককে ঘিরে চলমান দুর্নীতির তদন্তের অংশ। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভিক্টর অরবানের মন্ত্রিসভায় উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
তদন্তকারীদের সন্দেহ, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জন্য অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা এবং বিভিন্ন সরকারি নির্মাণ প্রকল্পের চুক্তি থেকে ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ ও অবৈধ কমিশন নিয়েছেন শেস্তাক। গত সেপ্টেম্বরে তাঁকে আটক করা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
নতুন সরকারের বক্তব্য, অরবানের অভিযোগ
বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিপুল অর্থ উদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, এর মধ্য দিয়ে তথাকথিত ‘ফিদেজ-কেডিএনপি মাফিয়া’ ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে।
মাগিয়ারের মধ্য-ডানপন্থি ও ইউরোপপন্থি রাজনৈতিক দল তিসা পার্টি গত এপ্রিলে নির্বাচনে জয়ী হয়ে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটায়। এর মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়।
ফিদেজ হলো অরবানের নেতৃত্বাধীন ডানপন্থি রাজনৈতিক দল। অন্যদিকে, খ্রিষ্টীয় গণতান্ত্রিক পিপলস পার্টি বা কেডিএনপি ছিল দলটির ছোট জোটসঙ্গী এবং সরকার পরিচালনার অংশীদার।
তবে চলমান তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন অরবান। তাঁর দাবি, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই নতুন সরকার এসব তদন্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগে আরও কয়েকজন সাবেক মন্ত্রীকে পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন হাঙ্গেরির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জিয়র্গি মাতোলচিও। তাঁর বিরুদ্ধে একটি ব্যাংক ফাউন্ডেশনের অধীনে থাকা সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তবে তিনিও অভিযোগ অস্বীকার করেছেন।
দুর্নীতিবিরোধী তদন্তে জনসমর্থন
হাঙ্গেরির সংবাদমাধ্যম এইচভিজিতে চলতি সপ্তাহে প্রকাশিত এক জরিপে দুর্নীতিবিরোধী তদন্তের প্রতি দেশটির মানুষের উল্লেখযোগ্য সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে। জনমত গবেষণা প্রতিষ্ঠান মিডিয়ান পরিচালিত ওই জরিপে দেখা যায়, ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন, অরবানের শাসনামলে সংঘটিত দুর্নীতির অভিযোগ তদন্ত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিগত সরকারের আমলে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা।