শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর গুঞ্জনে যা বলল ভারত
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। এর মধ্যে একটি হলো সামরিক বিমান বা সামরিক বাহিনীর মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং অন্যটি হলো বাংলাদেশের আদালতে তাঁর পুনরায় বিচারপ্রক্রিয়া।
এবার শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তাঁকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত।
শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা, ভ্রমণের মাধ্যম, নিরাপত্তা কিংবা তাঁকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।
তবে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জয়সওয়াল স্পষ্ট করেন, তিনি যে বিষয়টিকে আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছিলেন, সেটি হলো প্রত্যর্পণ। আর এই প্রক্রিয়া প্রত্যর্পণ আইন অনুযায়ীই পরিচালিত হবে।
এদিকে, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিতের কারণ জানতে চাইলে জয়সওয়াল বলেন, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে সংলাপের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় তোলা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।