ইরানে নতুন সামরিক অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোসাদপ্রধানের বৈঠক
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান। সফরে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন।
ইরানকে ঘিরে চলমান সংঘাতের ভবিষ্যৎ পরিস্থিতি এবং সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে এসব আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, এমন এক সময়ে মোসাদপ্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থানকালে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন গোফম্যান। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করতে ফ্লোরিডার মায়ামিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা-সংক্রান্ত তৎপরতা জোরালো হওয়ার মধ্যে মোসাদপ্রধানের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে নেতানিয়াহুর প্রচেষ্টার প্রেক্ষাপটে গোফম্যানের বৈঠকগুলো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে বৈঠকগুলোতে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, কিংবা নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দ্য জেরুজালেম পোস্ট।