রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › আসামে পুলিশের বিশেষ অভিযানে তৃতীয় লিঙ্গের ২২ জন গ্রেপ্তার

আসামে পুলিশের বিশেষ অভিযানে তৃতীয় লিঙ্গের ২২ জন গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
আসামে পুলিশের বিশেষ অভিযানে তৃতীয় লিঙ্গের ২২ জন গ্রেপ্তার

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে তৃতীয় লিঙ্গের ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বিভিন্ন সড়কের মোড় ও জনসমাগমস্থলে চাঁদাবাজি, অপরাধের হুমকি এবং অশালীন আচরণের অভিযোগে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার অঙ্কুর জৈন। তিনি বলেন, শহরের তিনটি জেলার উপপুলিশ কমিশনারদের অধীনে গঠিত পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।


অঙ্কুর জৈন জানান, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করেই অভিযান চালানো হয়েছে। তাঁর ভাষ্য, কারও লিঙ্গপরিচয় যা-ই হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।


তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় পুলিশ সব ধরনের নিয়ম ও নির্দেশনা মেনে চলেছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ তদন্তের জন্য পৃথক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের তৃতীয় লিঙ্গের পুরুষ নাকি নারী হিসেবে পরিচয় দেন, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।


অভিযানে গ্রেপ্তার ২২ জনকে পরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


কিছু ব্যক্তি মিথ্যা পরিচয়ে নিজেদের তৃতীয় লিঙ্গের বলে দাবি করছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অঙ্কুর জৈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নির্ধারিত কমিটির দেওয়া সনদ দেখাতে বলা হয়েছে।


তিনি আরও বলেন, তাঁদের পরিচয়পত্র ও সনদ যাচাই করা হবে। এসব নথির সত্যতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা মেনেই পুরো অভিযান পরিচালনা করা হয়েছে।