সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় হামাসের সশস্ত্র শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।


এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে আবু ইউনুসের মৃত্যুর খবর জানায় হামাসও।


আইডিএফের দাবি, মাত্র দুই মাস আগে রাফাহ ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পেয়েছিলেন আবু ইউনুস। গত ১৫ সেপ্টেম্বর ব্রিগেডটির তৎকালীন কমান্ডার নায়েল আবু ওবেইদ নিহত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন তিনি।


ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এর আগে রাফাহ ব্রিগেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবু ইউনুস। এর মধ্যে ছিল ব্রিগেডটির উপকমান্ডার এবং তাল আল-সুলতান ব্যাটালিয়নের কমান্ডারের দায়িত্ব। হামাসের জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বলে দাবি করেছে আইডিএফ।


ইসরায়েলি বাহিনীর অভিযোগ, রাফাহ বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকায় ব্রিগেডটির সদস্যরা পার্শ্ববর্তী খান ইউনিস এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন। সেখান থেকেই ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার নির্দেশ দিতেন আবু ইউনুস। এ ছাড়া রাফাহ ব্রিগেড ও হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজেও তিনি যুক্ত ছিলেন বলে দাবি করেছে আইডিএফ।


হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয় এবং আকাশপথে নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছিল।