২২ ঘণ্টা কক্ষপথে ঘুরে লঞ্চপ্যাডে ফিরল স্পেসএক্সের স্টারশিপ
মহাকাশে ২২ ঘণ্টারও বেশি সময় অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে সফলভাবে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এটিকে বড় ধরনের প্রকৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে। কক্ষপথে অভিযান শেষে ফিরে আসা স্টারশিপকে প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের ‘মেকাজিলা’ নামে পরিচিত বিশাল যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলা হয়।
স্টারবেস থেকে উৎক্ষেপণের প্রায় এক দিন পর ১৭১ ফুট উচ্চতার স্টারশিপ ঘন মেঘ ভেদ করে নিচে নেমে আসে। এরপর ইঞ্জিন পুনরায় চালু করে মহাকাশযানটি নিজেকে খাড়া অবস্থানে নিয়ে আসে। ধীরে ধীরে নেমে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহুর মধ্যে স্থির হয় এটি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করার পর শেষ পর্যন্ত ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবস্থান নেয় মহাকাশযানটি। এটি স্টারশিপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অভিযান।
এর আগে শুক্রবার টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের সময় রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টার স্টারশিপকে কক্ষপথে পৌঁছে দেয়। পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বুস্টারটিরও উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসার কথা ছিল। তবে সেটি সফলভাবে ফিরে আসতে পারেনি। ফলে একই অভিযানে রকেটের উভয় অংশ উদ্ধারের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
তবে পৃথিবীর কক্ষপথে ১৪ বার প্রদক্ষিণ করে ২২ ঘণ্টার বেশি সময় পর স্টারশিপের ওপরের অংশের সফল প্রত্যাবর্তনকে বড় প্রকৌশলগত মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শুক্রবার রাতে প্রায় ১৬১ মাইল বা ২৬০ কিলোমিটার উচ্চতায় অবস্থানকালে স্টারশিপ ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। এরপর শনিবার পৃথিবীতে ফেরার প্রস্তুতি হিসেবে একটি ইঞ্জিন চালু করে মহাকাশযানটি। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপের মুখোমুখি হয় এটি। পরে দক্ষিণ টেক্সাসের উপসাগরীয় উপকূলে অবস্থিত স্টারবেসের দিকে নেমে আসে।
বিশ্বের মহাকাশ উৎক্ষেপণ খাতে স্পেসএক্সের সাফল্যের অন্যতম ভিত্তি ফ্যালকন-৯ রকেট। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৭০০ বারের বেশি উৎক্ষেপণ করা হয়েছে এটি। তবে এর প্রথম ধাপ পুনর্ব্যবহারযোগ্য হলেও দ্বিতীয় ধাপ প্রতিটি অভিযানের পর আর ব্যবহার করা হয় না।
স্টারশিপের মাধ্যমে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তাঁর লক্ষ্য, বাণিজ্যিক উড়োজাহাজের মতো দ্রুত ও নিয়মিত বিরতিতে মহাকাশে যাতায়াত করতে সক্ষম একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবস্থা তৈরি করা।
ভবিষ্যতে স্টারলিংক স্যাটেলাইট ব্যবসার সম্প্রসারণ, মহাকাশে তথ্যকেন্দ্র স্থাপন, মানুষকে আবার চাঁদে পাঠানো এবং মঙ্গলে বসতি গড়ার পরিকল্পনার সঙ্গেও যুক্ত রয়েছে স্টারশিপ প্রকল্প।
তবে এবারের সফল অবতরণ সত্ত্বেও রকেটের দুই অংশকে একই অভিযানে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি স্পেসএক্স। পাশাপাশি স্টারশিপের তাপরোধী ব্যবস্থাকেও পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ চলছে। মহাকাশযানটির গায়ে থাকা কালো ষড়ভুজাকৃতির বিশেষ টাইল বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ থেকে সুরক্ষা দেয়। প্রতিটি অভিযানের পর এসব টাইলের মেরামত বা সংস্কারের প্রয়োজন কমিয়ে আনার লক্ষ্যে নতুন নকশা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১১ সালে অবসরে যাওয়ার আগপর্যন্ত নাসার স্পেস শাটল ব্যবস্থা নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাতায়াতে ব্যবহৃত হতো। সেটিও আংশিক পুনর্ব্যবহারযোগ্য ছিল। তবে এর বুস্টার অংশ প্রতিটি অভিযানের পর ফেলে দেওয়া হতো এবং পরবর্তী উড্ডয়নের আগে মহাকাশযানটিকে ব্যাপক সংস্কার ও মেরামতের মধ্য দিয়ে যেতে হতো।