সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইউরোপজুড়ে বোমা হামলার ভুয়া হুমকির ঢেউ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ইউরোপজুড়ে বোমা হামলার ভুয়া হুমকির ঢেউ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইউরোপজুড়ে বোমা হামলার ভুয়া হুমকির ঢেউ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ইউরোপজুড়ে ধারাবাহিক বোমা হামলার হুমকিতে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। গত অক্টোবর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ইমেইলের মাধ্যমে এসব হুমকি পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত সব হুমকিই ভুয়া প্রমাণিত হলেও এর প্রভাব পড়েছে একাধিক সংবাদমাধ্যম, ৫০টির বেশি ফ্লাইট, হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্তত একটি প্রমোদতরীতে।


এসব হুমকির পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের বিভিন্ন দেশ নিজেদের মতো পদক্ষেপ নিচ্ছে। তবে এ ধরনের ঘটনা মোকাবিলায় ইউরোপজুড়ে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা সামনে এসেছে।


বোমা হামলার হুমকি পাওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। কোথাও ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। আবার হাঙ্গেরি ও ফ্রান্সের মতো দেশগুলোতে হুমকির মুখে পড়া যাত্রীবাহী বিমানকে নিরাপদে অবতরণ করাতে যুদ্ধবিমান পাঠানো হয়েছে।


হাঙ্গেরির স্বল্পমূল্যের বিমান সংস্থা উইজ এয়ারের প্রধান নির্বাহী জোসেফ ভারাদি ইউরোপজুড়ে আরও সুসংগত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেন, এ ধরনের ভুয়া হুমকি মোকাবিলায় কেন্দ্রীয় কোনো সংস্থা গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।


তবে ইউরোপীয় দেশগুলোর সার্বভৌমত্বের বিষয়টি এ উদ্যোগ বাস্তবায়নে বাধা হতে পারে বলে মনে করেন ভারাদি। তাঁর ভাষ্য, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দেশই সহজে ছাড় দিতে চায় না।


লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ইউরোপ, রাশিয়া ও ইউরেশিয়া কর্মসূচির পরিচালক গ্রেগোয়ার রুস বলেন, প্রাথমিক নিরাপত্তা প্রতিক্রিয়া জোরালো হলেও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। তাঁর মতে, প্রথম পদক্ষেপ হিসেবে ইউরোপজুড়ে অভিন্ন হুমকি মূল্যায়ন পদ্ধতি চালু করা প্রয়োজন।


তিনি আরও বলেন, ইউরোপোল, জাতীয় ও আঞ্চলিক পুলিশ বাহিনী এবং বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে কারিগরি তথ্য ও প্রমাণ আদান-প্রদান বাড়াতে হবে। কারণ, একাধিক দেশের ওপর দিয়ে চলাচলকারী কোনো বিমান সংস্থাকে লক্ষ্য করে হুমকি দেওয়া হলে একাধিক দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তদন্তে যুক্ত হয়ে পড়ে।


এসব হুমকি মোকাবিলায় বিপুল অর্থ ও জনবল ব্যয় হচ্ছে। একটি বেনামি ইমেইলের কারণে বড় নিরাপত্তা বাহিনী মোতায়েন, ফ্লাইটের গতিপথ পরিবর্তন কিংবা সরকারি ভবন খালি করতে হচ্ছে। এতে সরকারি সম্পদের ওপর চাপ বাড়ার পাশাপাশি স্বাভাবিক জনজীবনেও বিঘ্ন ঘটছে।


সম্প্রতি ইতালির হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি পাঠানো হয়। বুধবার দেশটির প্রায় ৬ হাজার ৩০০টি এবং বৃহস্পতিবার আরও প্রায় ৩ হাজার ৭৭৮টি স্কুলে ইমেইলের মাধ্যমে হুমকি আসে। শত শত স্কুল খালি করা হলেও অনেক প্রতিষ্ঠান খোলা রাখা হয়।


এ পরিস্থিতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া শুধু গণহারে পাঠানো ইমেইলের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খালি না করার বিষয়ে নতুন নিয়ম তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি।


স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের হুমকি পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেগুলোকে ভুয়া বলে সন্দেহ করায় অনেক প্রতিষ্ঠান খালি করা হয়নি। যুক্তরাজ্যের হিথ্রো ও বার্মিংহাম বিমানবন্দরও হুমকি পাওয়ার পর স্বাভাবিক কার্যক্রম চালু রেখেছিল।


সাইবার নিরাপত্তা সংস্থা প্রুফপয়েন্ট ও অ্যাবনরমাল সিকিউরিটির অনুসন্ধানে দেখা গেছে, এসব হুমকির বড় একটি অংশ পাঠানো হয়েছে হ্যাক বা ছিনতাই করা বৈধ ওয়েবমেইল অ্যাকাউন্ট থেকে। ফলে বার্তাগুলোর প্রকৃত উৎস শনাক্ত করা তদন্তকারীদের জন্য কঠিন হয়ে পড়েছে। কয়েকটি হুমকিতে রাশিয়ার অতিজাতীয়তাবাদী গোষ্ঠী ‘মেল স্টেট’-এর নাম ব্যবহার করা হলেও কর্তৃপক্ষের ধারণা, দায়ীদের পরিচয় আড়াল করতে ভুয়া নাম ব্যবহার করা হতে পারে।


বিশ্লেষকদের একাংশের ধারণা, ঘটনাগুলো তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হতে পারে। এ ধরনের কৌশলে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ না করে সাইবার হামলা, নাশকতা ও অপতথ্যের মাধ্যমে জনগণের আস্থা নষ্ট এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা দুর্বল করার চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে প্রায়ই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠলেও মস্কো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।


তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘটনার জন্য কোনো বিদেশি শক্তিকে দায়ী করার আগে পর্যাপ্ত প্রমাণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার ডাবলিনে ইউরোপীয় নেতাদের বৈঠকে তিনি বলেন, কাউকে দায়ী করার মতো পর্যাপ্ত তথ্য-উপাত্ত এখনো তাঁদের হাতে নেই।


চ্যাথাম হাউসের পরিচালক গ্রেগোয়ার রুসও প্রমাণ ছাড়া মস্কোকে দায়ী করার বিষয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, প্রতিটি হুমকির যথাযথ তদন্ত না করে কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করলে অন্য অপরাধীরাও উৎসাহিত হতে পারে।


স্কুল, বিমান সংস্থা, সংবাদমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হুমকিগুলো পরস্পর সম্পর্কিত কি না, কিংবা এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় মদদপুষ্ট অভিযান রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তাই প্রতিটি সম্ভাব্য হুমকিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জরুরি সেবাগুলো যাতে বারবার ভুয়া সতর্কবার্তার কারণে অচল হয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করা ইউরোপীয় কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


সূত্র: সিএনএন