সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › সম্ভাবনা থাকার পরও কেন পিছিয়ে পড়ছে পাকিস্তানের অর্থনীতি?

সম্ভাবনা থাকার পরও কেন পিছিয়ে পড়ছে পাকিস্তানের অর্থনীতি?

favicon
ভোরের আলো ডেস্ক:
সম্ভাবনা থাকার পরও কেন পিছিয়ে পড়ছে পাকিস্তানের অর্থনীতি?

কৃষিসম্পদ, শিল্পের অভিজ্ঞতা, তরুণ জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থানের মতো নানা সম্ভাবনার কথা গত ২৫ বছর ধরে তুলে ধরছেন পাকিস্তানের নীতিনির্ধারকেরা। কিন্তু এত সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশটির সাধারণ মানুষের কাছে উন্নয়ন ও সমৃদ্ধির সুফল সেভাবে পৌঁছায়নি। বরং গত এক প্রজন্মে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের ব্যবধান আরও বেড়েছে।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানে মাথাপিছু প্রকৃত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে বাংলাদেশে এ হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ, ভারতে ৪ দশমিক ৯ শতাংশ এবং ভিয়েতনামে ৫ শতাংশ।


গত ১৯ অক্টোবর পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (পিবিএস) এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৬৫ শতাংশ। এ সময়ে মাথাপিছু আয় দাঁড়াতে পারে ১ হাজার ৮৯৬ মার্কিন ডলারে।


অন্যদিকে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, একই সময়ে ভারতে ৭ শতাংশ এবং ভিয়েতনামে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে বিশ্বব্যাংক তাদের অক্টোবরের প্রতিবেদনে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য ও জ্বালানি খাতে সংস্কারের প্রশংসা করেছে। এসব উদ্যোগ ভবিষ্যতে প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারে। তবে সেই সুফল পেতে দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানো জরুরি।


২০২৬ সালের জুনে প্রকাশিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানে জিডিপির মাত্র ১৪ দশমিক ৩৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের কারণে ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা পূরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠছে না।


বিনিয়োগকারীদের আস্থার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল অবকাঠামো এবং দক্ষ জনবলের ঘাটতি পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ব্যবসার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার অসামঞ্জস্যের কারণে মানবসম্পদের যথাযথ ব্যবহারও সম্ভব হচ্ছে না।


এসব সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। ২০২৫ সালে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখে পৌঁছেছে। দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ২ দশমিক ০৭ শতাংশ।


এই পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রপ্তানিমুখী সম্ভাবনাময় শিল্প খাতকে অগ্রাধিকার দিতে হবে পাকিস্তান সরকারকে। একই সঙ্গে পণ্য ছাড়করণের প্রক্রিয়া দ্রুত করা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। জনসংখ্যা নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ জরুরি।


সঠিক নীতি গ্রহণ ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে পাকিস্তানের পক্ষেও বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।