সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ, মূল্যস্ফীতির অন্যতম কারণ ডলারের দাম: গভর্নর

১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ, মূল্যস্ফীতির অন্যতম কারণ ডলারের দাম: গভর্নর

favicon
সাইফুল আলম মিরাজ
১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ, মূল্যস্ফীতির অন্যতম কারণ ডলারের দাম: গভর্নর

গত ১০ বছরে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। ডলারের দাম বৃদ্ধিকে দেশে মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।


গভর্নর বলেন, গত এক দশকে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলে আমদানিকারকদের কাছে তুলনামূলক কম দামে ডলার সরবরাহ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি না বাড়ার পেছনে উচ্চ সুদহারকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন গভর্নর। এ পরিস্থিতি বিবেচনায় আগামীতে নীতি সুদহার কমানোর ইঙ্গিতও দেন তিনি।


এ সময় বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো যেকোনো উপায়ে পুনরায় চালু করার উদ্যোগ নিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।


অন্যদিকে, বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে অর্থায়নের পাশাপাশি জ্বালানি সংকটকেও বড় বাধা হিসেবে উল্লেখ করা হয় সম্মেলনে। এ বিষয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপাতত দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের আশঙ্কা নেই। আগামী বছরের চাহিদা বিবেচনায় রেখেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।