এসডিজি অর্জনে সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংসদীয় তদারকি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এসডিজি ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারবিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ পরামর্শ দেন।
স্পিকার বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
এ সময় উন্নয়ন বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংসদীয় তদারকি জোরদারের পরামর্শ দেন চিফ হুইপ। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।