বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমানকে নিয়ে প্রকাশিত বিবরণে বলা হয়েছে, নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো তাঁকে ‘দ্য মুসলিম ৫০০’-এর রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় তাঁকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবেও তাঁর পরিচয় উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়।
এই রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন সরকারের নেতৃত্বে তাঁর ভূমিকার বিষয়টি তুলে ধরে ২০২৭ সালের তালিকায় তাঁকে অন্তর্ভুক্ত করেছে রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।