রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান এনসিপির স্থানীয় নেতারা।


নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।


সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।


এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ গুরুত্ব পাবে।


সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন।


এ ছাড়া যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময়কে বিশেষ গুরুত্ব দেবেন নাহিদ ইসলাম। এ সময় কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন তিনি।


আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।