ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্য শিল্পীদের কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতে যেন দেশে আর ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে শিল্পীদের কাজ করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, টেলিভিশন শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের দাবি পূরণ করবে সরকার। একই সঙ্গে দেশের স্বার্থে সতর্ক থেকে শিল্পীদের প্রকাশ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে শিল্পী সংঘের নেতারা বলেন, টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের জন্য একটি শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা প্রয়োজন। এর মাধ্যমে অসুস্থতা কিংবা যেকোনো সংকটের সময় তাঁরা যেন দ্রুত আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।