নতুন দুই গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনটির মধ্যে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। নতুন এই স্বীকৃতির ফলে স্থাপনাটির গিনেস রেকর্ডের সংখ্যা বেড়ে অন্তত পাঁচটিতে দাঁড়িয়েছে।
সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন ক্লক টাওয়ারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি সনদ গ্রহণ করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, ভবনটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। সেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার জাদুঘর। ভবনটির সর্বোচ্চ চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার পদ্ধতি, মক্কার ইতিহাস এবং সুবিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের বিবর্তন ও ব্যবহার সম্পর্কেও জানার সুযোগ রয়েছে সেখানে।
জাদুঘরটির উচ্চতা নির্ধারণে ভূপৃষ্ঠ থেকে মিলিমিটার পর্যন্ত নিখুঁত পরিমাপ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তাদের সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হলো এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।
মক্কার ক্লক টাওয়ারের মোট উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবনের সমন্বয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটির নির্মাণকাজ সম্পন্ন করে। টাওয়ারের ঘড়ির ওপর থাকা ৭১ মিটার উচ্চতার চূড়াসহ ভবনটির মোট উচ্চতা ৬০১ মিটার।
টাওয়ারটির চার পাশে রয়েছে একই আকারের চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের বিশালত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় স্থাপনাটি।
এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ডও ছিল মক্কার এই স্থাপনার দখলে। নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় এর বিশ্বরেকর্ডের সংখ্যা এখন অন্তত পাঁচটি।
রয়্যাল কমিশন জানিয়েছে, এসব স্বীকৃতি মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।