কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ জঙ্গি লতিফ ভাট নিহতের দাবি
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ লতিফ ভাট নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। বুধবার (১৮ নভেম্বর) কুলগাম জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী, লতিফ ছিলেন দক্ষিণ কাশ্মিরের সর্বশেষ সক্রিয় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী। প্রায় এক বছর ধরে তাকে ধরতে অভিযান চালানোর পর তার মৃত্যুর মধ্য দিয়ে সেই অনুসন্ধানের অবসান হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
২৩ বছর বয়সী লতিফ বুধবার স্থানীয় সময় সকাল থেকে কুলগামের জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদের ভেতরে আটকা ছিলেন। তাকে খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে পুরো গ্রাম ঘিরে ফেলা হয়। একপর্যায়ে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তিনি সাড়া না দিয়ে প্রতিরোধ চালিয়ে যান।
এর দুই দিন আগে কুলগামের লারু বাইপাসের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন লতিফের সহযোগী উমর নিসার দার। ওই সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর ঘেরাও ভেঙে পালিয়ে যেতে সক্ষম হন লতিফ। এরপর তাকে ধরতে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়।
লতিফের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, বুধবার ভোরে কুলগামে পরিচালিত অভিযানে উপত্যকায় লস্কর-ই-তৈয়বার সর্বশেষ পরিচিত সক্রিয় স্থানীয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে।
অভিযানে জম্মু ও কাশ্মির পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন অমিত শাহ। পুরো অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
নিরাপত্তা বাহিনীর নথি অনুযায়ী, জম্মু ও কাশ্মিরে প্রশিক্ষণপ্রাপ্ত সক্রিয় স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে তখন একমাত্র লতিফই তৎপর ছিলেন। নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে তিনি পুলিশের অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তিতে পরিণত হন।
কুলগামের খ্রেওয়ান গ্রামের বাসিন্দা লতিফ পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। ২০২৫ সালের নভেম্বরে তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়। ধারণা করা হয়, নিখোঁজ হওয়ার সময়ের কাছাকাছি কোনো একপর্যায়ে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
গত বছরের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাকে লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত কাশ্মির রেভল্যুশন আর্মিতে যোগ দিতে দেখা গেছে বলে দাবি করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১৯ নভেম্বর কুলগাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার পরিবার।