পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে জড়িত ৮ ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ ও সম্প্রসারণে সহায়তার অভিযোগে আটটি ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। নতুন করে বসতি নির্মাণ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্তের ঘোষণা দেয় দেশটির সরকার।
নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা, নির্মাণ ও আবাসন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে জড়িত।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করে এমন কোনো কার্যক্রমে যেন তারা অংশ না নেয়। পশ্চিম তীরে বসতি নির্মাণের দরপত্রে অংশগ্রহণ, নির্মাণকাজ পরিচালনা কিংবা এ ধরনের কার্যক্রম থেকে মুনাফা অর্জন না করার আহ্বান জানান তিনি।
এর আগে অধিকৃত পশ্চিম তীরে এক হাজার ২০০টির বেশি নতুন আবাসন নির্মাণের পরিকল্পনার নিন্দা জানিয়েছিলেন ইউরোপের নেতারা। গত আগস্টে এসব আবাসন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়।
এদিকে, জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরের বিতর্কিত ‘ই১’ প্রকল্প একটি সংলগ্ন ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অস্তিত্বগত হুমকি তৈরি করেছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার মূল লক্ষ্য পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে যুক্ত নির্মাণ ও আবাসন উন্নয়ন প্রতিষ্ঠানগুলো। এক বিবৃতিতে দপ্তরটি জানায়, আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের ফলে তাদের অর্থায়নের প্রবাহ বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণে সহায়তা করার সক্ষমতাও কমে আসবে।
অন্যদিকে, গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে তাঁবু, কাঠসহ জরুরি আশ্রয় উপকরণ প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।