বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটকবাহী ২ পিকআপে আগুন, আটক ১

খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটকবাহী ২ পিকআপে আগুন, আটক ১

favicon
ভোরের আলো ডেস্ক:
খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটকবাহী ২ পিকআপে আগুন, আটক ১

খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনায় নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।


বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা পিকআপ দুটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে গাড়ি দুটিতে আগুন দেওয়া হয়েছে।


ঘটনার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও টহল বাড়িয়েছে পুলিশ।


এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে শহরের বিভিন্ন এলাকায় মিছিল করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় জিরো মাইল এলাকা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি নজরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


এ ছাড়া মাটিরাঙা উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন বলে জানা গেছে। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।