বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ভাঙ্গায় আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহতের অভিযোগ

ভাঙ্গায় আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহতের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাঙ্গায় আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহতের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সহিংসতার কারণে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিপুলসংখ্যক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।


খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, রাজু মোল্লা নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।


নিহতের চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তাঁর ভাতিজা নিহত হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।


এদিকে কৃষক দল নেতা নিহতের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।