বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ঝিনাইদহের রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝিনাইদহের রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে স্টেশন লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।


স্টেশনমাস্টার আরও জানান, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।