চট্টগ্রামে জেলেপল্লীতে ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুপড়িঘর
স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন তাঁরা।
বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর করার নির্ধারিত সময়সীমা রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে মজুরি ঘোষণা করা জরুরি। এতে নতুন মজুরি অনুযায়ী বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন পোশাকশিল্পের মালিকেরা।
এ পরিস্থিতিতে মজুরি নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত না করে দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠন দুটি। একই সঙ্গে স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে তারা।