রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, চাঁদা না পেয়ে হামলার অভিযোগ
রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদসংলগ্ন স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন হাবিবুর রহমান ও সাজু আহমেদ। তাদের একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্তের একটি দল ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে তিনজন প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে কর্মচারীদের হুমকি দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন তারা।
এদিকে, হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।