বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

favicon
ভোরের আলো ডেস্ক:
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে শহরতলির দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুটি মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারে করে ২৫ থেকে ৩০ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দোনলা বন্দুক থেকে প্রায় ১০০ থেকে ১৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঢাকাগামী মহাসড়ক দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।


হঠাৎ গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


এদিকে, ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।