গাজীপুরে ফের শ্রমিক আন্দোলন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
বুধবার সকাল ৯টার দিকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।
বুধবার সকালেও ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
অন্যদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।