জানুয়ারি থেকে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার ঘোষণা মন্ত্রীর
আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিশুদের মধ্যে বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করা হলে সমতা গড়ে উঠবে। অতীত সরকার শিশুদের স্কুলমুখী করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সেগুলো প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যতে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।