শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ এক নয়: ভারত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে মন্তব্য করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ এসেছে, তা ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে। অন্যদিকে, কোনো নাগরিক প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা বিষয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
২০২৪ সালের অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।