প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শক্তি: প্রধানমন্ত্রী
দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজশর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিতসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা।
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার চেষ্টা করছে।
খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী খামার সম্প্রসারণে তাঁদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা এবং মেধাসমৃদ্ধ জাতি গঠনে সরকার কাজ করছে। মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।
এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।