তথ্য সচিব মাহবুবা ফারজানাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে তথ্য অধিদপ্তর। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ প্রতিবাদ জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, সম্প্রতি একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে সচিব মাহবুবা ফারজানার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য চক্রটি এ ধরনের গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
এতে আরও বলা হয়, তথ্য অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জাল করে তাঁর নামে সরকারের উচ্চপর্যায়ের দপ্তরে বিভ্রান্তিকর চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিকে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা এ বিষয়ে কিছুই জানেন না বলেও তথ্যবিবরণীতে জানানো হয়।
তথ্যবিবরণীতে মাহবুবা ফারজানার কর্মজীবনের বিবরণ তুলে ধরে বলা হয়, তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তবে কর্মজীবনের প্রায় ২৬ বছর তাঁকে প্রবেশ পর্যায়, জ্যেষ্ঠ সহকারী সচিব ও উপসচিব পদে দায়িত্ব পালন করতে হয়েছে। বিগত আমলে মোট আটবার তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। এমনকি ছয় বছর নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও তাঁকে কাজ করতে হয়েছে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তাঁর বিষয়টি পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়। এর মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব হিসেবে দায়িত্ব পান।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সততা, নিষ্ঠা, নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিকে প্রাধান্য দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালনার চেষ্টা করেছেন। ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রমেও বিধিবিধান অনুসরণ করেছেন।
কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়া কিংবা প্রশাসনিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ রক্ষার সুযোগ তিনি দেননি বলেও তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপপ্রচার শুধু অনভিপ্রেত নয়, রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুণ্ন করার অপচেষ্টা। সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলকে অবিলম্বে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
অন্যথায়, অপপ্রচারে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।