পতিত ফ্যাসিবাদী শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে কঠোর অবস্থান নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে। সরকার এ ক্ষেত্রে সহনশীলতা বজায় রাখলেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংগঠন হিসেবে দলটির বিচার হবে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বিজয়ের মাস উদযাপন শুরু করবে বিএনপি। গ্র্যান্ড র্যালির মাধ্যমে এ আয়োজনের সূচনা হবে। র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।