শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলার পরই চীনে নতুন শুল্ক, ট্রাম্পের কৌশল কী?

শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলার পরই চীনে নতুন শুল্ক, ট্রাম্পের কৌশল কী?

favicon
ভোরের আলো ডেস্ক:
শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলার পরই চীনে নতুন শুল্ক, ট্রাম্পের কৌশল কী?

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ আখ্যা দিয়ে প্রশংসা ও আলিঙ্গন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা কমে সম্পর্কের উন্নতির ইঙ্গিতও মিলেছিল তাঁদের সাক্ষাতে। তবে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কয়েক দিনের মধ্যেই চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এতে প্রশ্ন উঠেছে, বন্ধুত্বের বার্তা দেওয়ার পরও চীনের বিরুদ্ধে বাণিজ্যিক চাপ কেন বাড়াচ্ছেন ট্রাম্প?


আগামী মাসে মায়ামিতে জি-২০ সম্মেলনের ফাঁকে আবারও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে নতুন শুল্ক আরোপের ঘোষণা দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।


২০২৫ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ শুরু করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ মাদক প্রবেশ ঠেকাতে চীন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না—এমন অভিযোগ তুলে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেন তিনি। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্যিক সংঘাত শুরু হয়, যার প্রভাব পড়ে বৈশ্বিক বাজারেও।


ট্রাম্পের শুল্কনীতি শুধু প্রতিদ্বন্দ্বী দেশ নয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি করে। তবে চীন শুরু থেকেই ওয়াশিংটনের পদক্ষেপের পাল্টা জবাব দিতে কঠোর অবস্থান নেয়।


প্রথম পর্যায়ে ফেন্টানিল ও অভিবাসনসংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জবাবে প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ পাঁচ ধরনের বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে বেইজিং।


২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্কনীতিকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়। ওই সময় চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। পাল্টাপাল্টি পদক্ষেপের পর একপর্যায়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্কের হার চীনের ওপর ১৪৫ শতাংশে পৌঁছায়। অন্যদিকে, মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীন। পাশাপাশি বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানিতেও বিধিনিষেধ বাড়ায় দেশটি।


দীর্ঘদিন ধরে চলা এই বাণিজ্যিক সংঘাতের পর ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিং বৈঠক করেন। ওই বৈঠকের পর বাণিজ্যযুদ্ধে সাময়িক বিরতির ঘোষণা আসে।


পরবর্তী সময়ে মে মাসে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় অংশ নিতে বেইজিং সফর করেন ট্রাম্প। সেপ্টেম্বরে এক দশকেরও বেশি সময় পর প্রথমবার ওয়াশিংটন সফর করেন চীনা প্রেসিডেন্ট। চলতি মাসের শুরুতে শেনজেনে এপেক সম্মেলনে যোগ দিতে গেলে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। দুই নেতার উষ্ণ সাক্ষাৎ ও আলিঙ্গনকে ঘিরে সম্পর্কের উন্নতির প্রত্যাশা তৈরি হয়।


কিন্তু যুক্তরাষ্ট্রে ফেরার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন শুল্কনীতির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। গত বছরের এপ্রিলে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর বাণিজ্যযুদ্ধে নতুন করে চাপ সৃষ্টির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপ।


বিনিয়োগ ব্যাংক ন্যাটিক্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া-হেরেরোর মতে, ট্রাম্পের নতুন পদক্ষেপের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের রায়ে হারানো শুল্ক আরোপের দর-কষাকষির ক্ষমতা পুনরুদ্ধার করা। দ্বিতীয়ত, পরবর্তী সম্মেলনের আগে বেইজিংকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা।


আলজাজিরাকে তিনি বলেন, নতুন শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চাপ তৈরির সক্ষমতা আবার প্রতিষ্ঠা করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।


নতুন শুল্কনীতিতে চীনসহ ১৪ দেশ


চীনসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। তালিকায় ইউরোপীয় ইউনিয়ন ও ভারতও রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব দেশ সরকারি ভর্তুকি, নীতিগত সুবিধা এবং কম শ্রমমূল্যের কারণে বিশ্ববাজারে কম দামে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করছে। এতে আন্তর্জাতিক বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।


নতুন পরিকল্পনায় চীনা পণ্যের ওপর আরও ২০ শতাংশ শুল্ক আরোপের কথা রয়েছে। এই হার দুই দেশের চলমান বাণিজ্যযুদ্ধের সাময়িক বিরতির শর্তের আওতায় থাকলেও, আগামী জানুয়ারিতে সেই বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। আলোচনা ভেঙে গেলে শুল্কের হার ৪০ শতাংশে বাড়ানোর হুমকিও দিয়েছে ওয়াশিংটন।


আগের দফায় শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প যে জরুরি নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছিলেন, এবার সেই পথে যাচ্ছে না প্রশাসন। মার্কিন সুপ্রিম কোর্ট ওই ক্ষমতার ভিত্তিতে আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করায় এবার ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারা ব্যবহার করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলো কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার সুযোগ নিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করছে। গত মার্চে শুরু হওয়া তদন্তে ১৪টি অর্থনীতিকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। তবে এই অভিযোগের প্রধান লক্ষ্য চীন। বিশেষ করে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌর প্যানেল শিল্পকে নজরদারির আওতায় আনা হয়েছে।


সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান হিনরিখ ফাউন্ডেশনের বাণিজ্যনীতি বিভাগের প্রধান ডেবোরা এলমসের মতে, শুরুতে এই তদন্তের উদ্দেশ্য ছিল ‘লিবারেশন ডে’ শুল্ক পুনরায় কার্যকর করার জন্য শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করা।


আলজাজিরাকে তিনি বলেন, সময়ের সঙ্গে তদন্তের লক্ষ্য কিছুটা পরিবর্তিত হয়েছে। এখন হোয়াইট হাউস সেকশন ৩০১ ধারাকে আরও বিস্তৃতভাবে ব্যবহারের পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডকে আলোচনায় এনে ভবিষ্যতে শুল্কসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।


তাঁর মতে, নতুন শুল্ক ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ। আগামী মাসে মায়ামিতে জি-২০ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। সেই আলোচনার আগে নতুন শুল্ক ঘোষণা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি দর-কষাকষির চাপ তৈরি করতে পারে।


পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের


চলতি মাসের শুরুতে শেনজেনে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনা প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য তুলে ধরে চীনকে স্থিতিশীল বাণিজ্য অংশীদার হিসেবে উপস্থাপন করেন তিনি। ট্রাম্পের শুল্কযুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করছে বলেও ইঙ্গিত দেন।


তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। প্রয়োজনে আরও শুল্ক আরোপসহ পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার চীনের রয়েছে বলে সতর্ক করেছে দেশটির সরকার।


চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ভুল পদক্ষেপ সংশোধন করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে ফিরে আসা। একই সঙ্গে চীনের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।


যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে আট মাসের তদন্তেরও সমালোচনা করেছে বেইজিং। চীনের দাবি, এ তদন্ত একতরফা পদক্ষেপ এবং এটি আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে বিঘ্নিত করছে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন বলেও অভিযোগ করেছে দেশটি।


নতুন শুল্কনীতির মাধ্যমে চীনের সঙ্গে অর্থনৈতিক সংঘাতকে শুধু দ্বিপক্ষীয় বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না ওয়াশিংটন। বরং চীনের বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে উঠে আসা দেশগুলোর শিল্পনীতিকেও এর আওতায় আনার চেষ্টা করছে। এসব দেশের উৎপাদন ও সরবরাহব্যবস্থা এখনো চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।


ডেবোরা এলমসের মতে, চীন ২০ শতাংশ শুল্কের বিষয়টি হয়তো মেনে নিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চীনের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যকেও জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা বেইজিংকে বেশি অস্বস্তিতে ফেলবে।


চীনের পাল্টা চাপ তৈরির সক্ষমতা


ন্যাটিক্সের অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া-হেরেরোর মতে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক ঘোষণা দীর্ঘমেয়াদি কোনো কৌশলের অংশ নয়। বরং চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরও চাপ বজায় রাখার পরিচিত দর-কষাকষির কৌশল।


শেনজেনে দুই নেতার বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতাকে শুল্ক আরোপের যুক্তি হিসেবে তুলে ধরা হলেও মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের হারানো শুল্ক আরোপের ক্ষমতা পুনরুদ্ধার এবং পরবর্তী সম্মেলনের আগে বেইজিংকে আলোচনায় বসতে বাধ্য করা।


সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ গবেষক চেন বো মনে করেন, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া পাল্টা শুল্কের বিকল্প হিসেবেই নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এর পেছনের উদ্দেশ্য আগের মতোই রয়েছে।


তাঁর মতে, যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ও রয়েছে। উচ্চ সুদের হারের কারণে বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপও মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।


আলজাজিরাকে চেন বো বলেন, কংগ্রেসের কাছে বাড়তি অর্থ চাওয়ার পরিবর্তে শুল্ক থেকে আয় করা সরকারের জন্য অর্থ সংগ্রহের সহজ উপায়।


এদিকে, প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা চললেও বিশ্ববাজারে চীনের রপ্তানি আধিপত্য কমেনি। গত বছর দেশটির পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত রেকর্ড ১ দশমিক ১৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার।


চেন বো মনে করেন, দীর্ঘদিনের শুল্কযুদ্ধেও পরিস্থিতির মৌলিক পরিবর্তন হয়নি। নতুন করে শুল্ক আরোপ করলেও চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে না।


তিনি আরও মনে করেন, আগামী মাসে দুই নেতার বৈঠকের আগে বাণিজ্যিক উত্তেজনা কমিয়ে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন ও বেইজিং। কারণ, আসন্ন বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, পারমাণবিক অস্ত্র এবং ইরান ও ইউক্রেনের যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তাঁর মতে, দুই দেশের নেতাদের কাছে এসব বৈশ্বিক বিষয় বাণিজ্যিক সম্পর্কের চেয়েও বেশি গুরুত্ব পেতে পারে।


অন্যদিকে, গার্সিয়া-হেরেরোর মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব সীমিত করার সক্ষমতা চীনের রয়েছে। বেইজিংয়ের সবচেয়ে কার্যকর পাল্টা হাতিয়ার হতে পারে বিরল মৃত্তিকা ধাতু। প্রতিরক্ষা, আধুনিক প্রযুক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি খাতের বিভিন্ন পণ্য তৈরিতে এসব ধাতু গুরুত্বপূর্ণ। ফলে রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির সুযোগ রয়েছে চীনের।


তবে ট্রাম্পের জন্যও ঝুঁকি রয়েছে। শুল্কের কারণে আমদানি করা পণ্যের দাম বেড়ে গেলে শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে মার্কিন ভোক্তাদের ওপর। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় অস্থিরতা আরও বাড়তে পারে।


গার্সিয়া-হেরেরোর মতে, নতুন শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ কতটা বাড়বে এবং ওয়াশিংটন সেই চাপ কতটা সহ্য করতে পারবে, তার ওপরই ট্রাম্পের কৌশলের সফলতা নির্ভর করবে।


সব মিলিয়ে, শি জিনপিংয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েও চীনের ওপর বাণিজ্যিক চাপ বজায় রাখতে চাইছেন ট্রাম্প। শুল্ককে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থায় চীনের প্রভাব সীমিত করা—দুই লক্ষ্যই রয়েছে ওয়াশিংটনের নতুন পদক্ষেপে।


তবে পাল্টা চাপ তৈরির মতো অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বেইজিংয়ের হাতেও রয়েছে। ফলে আগামী মাসে দুই নেতার বৈঠকের আগে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।